অগ্নিকুন্ডু

পাঁচ পাঁচ দশটা মুন্ডু
	রাবণের - শ্রাবণের - এই রাত -
		যেনো এক অগ্নিকুন্ডু।

ঘরে নেই চাল নেই ডাল নেই মাছ -
	হায়রে ভেন্না গাছ;
		ভ্যানর ভ্যানর করে,
	বন বন ঘুরে শুধু মাথাটা
টাপুশ টুপুশ করে রাতদিন ভিজে ছেঁড়া কাঁথাটা;
	রক্তের মাঝে তবু তোলপার করে শুধু
		গাঁজা, ভাঙ্, চরস্ আর চন্ডু।
		পাঁচ পাঁচ দশটা মুন্ডু ---

কুটকুট কামড়ায় মশা কি;
	ওদের কাটেনা রাত, আমাদের মত এক দশা কি;
		যাকগে্, নিকগে্ -
			ভেজালের পানসে রক্ত
	তবুও মরে না ভাই শকুনির মতো ওরা শক্ত।
হায়রে রক্ত চোষার দল!
	কতো কাল আর কতো কাল এমনি রক্ত চুষবে,
	পরের মটকে ঘাড় পরের চিবিয়ে হাড়
		তোমাদের মাগ্ পোলা পুষবে!
ঐ ঝড় আসেরে - কড় কড় বাজেরে, ঝড় আসে -
	তোদের তাসের ঘর করবে লন্ডু ভন্ডু।
		পাঁচ পাঁচ দশটা মুন্ডু -----