চিরন্তনী

তোমার আকাশে আজ, হে শ্রাবণ, পূর্নিমার চাঁদ;
মেঘের কুয়াসা শুভ্র আবরণ ভেদি তার আলো
আমার মুখের পওে নেমে এলো, যেন সুলোচনা
ষোড়শীর শান্তদৃষ্টি। আপরূপ বেদনা বিলাস
হৃদয় গহনে জাগে, উদাসী দুচোখে স্বপ্ন সাধ
সোনালী দিনের আর রূপালী রাতের অন্যমনা
আধোআলো আধোছায়া ঘেরা এ জীবন লাগে ভালো
শিহরিত গানে গানে চিরন্তন অতনু উল্লাস।

এই শুভক্ষণে আজ প্রাণ পেলো অর্থ খুঁজে তার
শান্ত সে দৃষ্টির মাঝে; জীবনের নিত্য নব ঘাটে
‘এক হাটে লয়ে বোঝা শূন্য কবি দেয়া অন্য হাটে’
কোন আকর্ষণে আর কেবা সেই নিয়তি দুর্বার।

নিত্য নব পরিচয় জীবনের সাথে হলো জানা।
প্রদীপ্ত বাসনা তাই মৃত্যু দুর্গে নিত্য দেয় হানা।